মাদকবিরোধী লড়াইয়ে সমাজের সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান খন্দকার মুক্তাদিরের

মাদকবিরোধী লড়াইয়ে সমাজের সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান খন্দকার মুক্তাদিরের - Surma Times | Sylhet News
মাদকবিরোধী লড়াইয়ে সমাজের সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান খন্দকার মুক্তাদিরের - Surma Times | Sylhet News
শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

সুরমা টাইমস ডেস্কঃ মাদক সেবন ও পাচার শুধু আইন প্রয়োগের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়তে সমাজের সর্বস্তরের মানুষকে সংঘটিত করতে হবে।

শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সিলেট জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, পাড়া-মহল্লার প্রতিটি সক্রিয় ক্লাবে প্রবীণদের পাশাপাশি শিক্ষক, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের সম্পৃক্ত করতে হবে। সমাজ সংঘটিত হলে মাদক, জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের মতো অপরাধী চক্র দাঁড়াতে পারবে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি সাধারণ মানুষের প্রতি অপরাধ দমনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। একইসঙ্গে মাদক নির্মূলকে নিজের নির্বাচনি ইশতেহারের অন্যতম অঙ্গীকার বলেও জানান।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার খান মো. এনামুল হক এবং জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী। পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় বন্দরবাজার এলাকায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তর, নিরাময় কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article