
সুরমা টাইমস ডেস্কঃ “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্পের সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট জেলা স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে জেলার অনূর্ধ্ব-১৫ বয়সের উদীয়মান অ্যাথলেটরা অংশ নেয়। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে অফিসিয়াল সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নূর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও সিনিয়র অ্যাথলেটিক্স প্রশিক্ষক দীপাল কুমার সিংহ, ক্রীড়া সংগঠক ও রেফারি আব্দুল মুকিত রাজন, প্রমীলা কোচ তানিয়া রহমান এবং ক্রীড়া প্রশিক্ষক নাসির হোসেইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
সভাপতির বক্তব্যে মো. নূর হোসেন বলেন, তৃণমূল পর্যায় থেকে দক্ষ অ্যাথলেট তৈরিতে এ ধরনের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিয়ে তরুণরা নিজেদের পাশাপাশি পরিবারকেও ভরসা জোগাতে পারে। এ লক্ষ্যেই সরকার ও ক্রীড়া পরিদপ্তর কাজ করে যাচ্ছে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, সনদপ্রাপ্ত তরুণ অ্যাথলেটরা আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সিলেটের সুনাম বয়ে আনবে।





