সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, পা হারালেন যুবক

সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, পা হারালেন যুবক - Surma Times | Sylhet News
সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, পা হারালেন যুবক - Surma Times | Sylhet News
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত (ছবি -সংগ্রহ)

সুরমা টাইমস ডেস্কঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. শফি (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি উড়ে যায় এবং বাঁ পায়ের হাঁটুর হাড় ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী এলাকার বাসিন্দা শফি সীমান্তসংলগ্ন একটি বাগানে কাজ করতে গিয়ে হঠাৎ মাইনের ওপর পা দিলে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পর তার সঙ্গে থাকা লোকজন আতঙ্কে সরে গেলেও পরে ফিরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক জানান, ঘটনাটি ৪১ নম্বর সীমান্ত পিলারের পশ্চিমে, শূন্যরেখা থেকে প্রায় ৪০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ঘটেছে।

এর আগে গত ২৪ মে একই এলাকায় মাইন বিস্ফোরণে তিনজন নিহত হন। ৯ জুন আরও একজন কৃষক প্রাণ হারান। এছাড়া ২ জুন পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়।

স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article