
গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে প্রেমিকের প্রতারণার অভিযোগ তুলে বিয়ের দাবিতে তার বাড়িতে টানা ১৮ দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
জানা গেছে, গত ৩ জুন থেকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া গ্রামে প্রেমিক কয়েছ মিয়া ও তার চাচার বাড়িতে অবস্থান করছেন ওই তরুণী। বর্তমানে তিনি প্রেমিকের চাচা ইসলাম উদ্দিনের ঘরে অবস্থান করছেন।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন কয়েছ। একপর্যায়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে তা গোপনে ভিডিও ধারণ করেন। পরে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন।
তিনি আরও অভিযোগ করেন, পরিবারের চাপে অন্যত্র বিয়ে হলে সেই আপত্তিকর ভিডিও প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে দেন কয়েছ। এতে তার বিয়েও ভেঙে যায়।
এরপর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিলে, পরদিনই কয়েছ অন্য এক নারীকে বিয়ে করে ঘরে তোলেন। তবুও অবস্থান থেকে সরে যাননি ওই তরুণী।
তরুণী জানান, তার জীবন ধ্বংস করে দিয়েছে কয়েছ। তিনি স্ত্রীর স্বীকৃতি না পাওয়া পর্যন্ত বাড়ি ছাড়বেন না। দাবি পূরণ না হলে আত্মহত্যার হুঁশিয়ারিও দিয়েছেন।
তরুণীর মা অভিযোগ করেন, অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় বিষয়টির কোনো সমাধান হচ্ছে না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব জানান, বিষয়টি নিয়ে দুই পক্ষকে নিয়ে একাধিকবার বৈঠক করা হলেও কোনো সমাধান হয়নি। অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য পাবলু মিয়া বলেন, মেয়েটি বিয়ের দাবিতে অনড় থাকলেও ছেলের পক্ষ রাজি নয়।
অভিযুক্ত কয়েছ মিয়া সম্পর্কের বিষয়টি স্বীকার করে বলেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।






