সুরমা টাইমস ডেস্কঃ সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘গঠনমূলক আলোচনা’র পর বড় ধরনের নীতিগত পরিবর্তন আনলো ওয়াশিংটন। ইরানের তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আলোচনার অংশ হিসেবে ৬০ দিনের জন্য একটি সাধারণ লাইসেন্স জারি করা হয়েছে। এই লাইসেন্সের আওতায় ইরান এখন বৈধভাবে তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রি করতে পারবে।
জানা গেছে, এই অনুমোদনের মেয়াদ চলবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে একই দিনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। আলোচনার এই ইতিবাচক ফলাফলই নিষেধাজ্ঞা শিথিলের পথ খুলে দেয়।
যদিও এর আগে উত্তেজনা তৈরি হয় হরমুজ প্রণালি নিয়ে। ইরান দাবি করেছিল, তারা গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করে দিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম স্পষ্ট জানায়, বাস্তবে প্রণালিটি বন্ধ হয়নি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে জানা গেছে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের আবারও দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে। এতে পারমাণবিক ইস্যুতে দীর্ঘদিনের অচলাবস্থা কাটার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইরানের তেল বাজারে ফেরার এই সিদ্ধান্ত শুধু জ্বালানি বাজারেই নয়, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।





