সুরমা টাইমস ডেস্কঃ মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে জুনের তৃতীয় সপ্তাহজুড়ে ১৮০ জন বিদেশি বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২২ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
রোববার (২১ জুন) এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, প্রত্যাবাসিতদের মধ্যে ১৩২ জন মিয়ানমারের, ১২ জন ভিয়েতনামের, ৯ জন থাইল্যান্ডের, ২ জন নেপালের এবং শ্রীলঙ্কা, চীন ও সিঙ্গাপুরের একজন করে নাগরিক রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, এসব বিদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সুলতান ইস্কান্দার ভবন আইসিকিউএস কমপ্লেক্সের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ফেরত পাঠানোর বিমান টিকিটের ব্যয় কোনো কোনো ক্ষেত্রে বন্দিদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা এবং সংশ্লিষ্ট দূতাবাস বহন করেছে।
ইমিগ্রেশন বিভাগ আরও জানায়, প্রত্যাবাসিত এসব বিদেশি নাগরিক মালয়েশিয়ার বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন। তাদের সবাইকে বিভাগীয় কালো তালিকাভুক্ত করা হয়েছে।
এটি অবৈধ অভিবাসন ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ বলেও জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।





