সুরমা টাইমস ডেস্কঃ মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে সিলেটসহ তিন বিভাগে আগামী দুই দিন সতর্ক থাকতে বলা হয়েছে।
রোববার সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে নদীপথে চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার ঝুঁকিও থাকতে পারে।





