নবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রোববার ভোরে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া (৪৫) কুর্শি ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, ভোরে কাজের উদ্দেশ্যে বের হয়ে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মাছবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় সিএনজি শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
—





