আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা জাগলেও মাত্র তিন দিনের ব্যবধানে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরান।
শনিবার ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ এনে এ ঘোষণা দেয়।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধ-পরবর্তী সমঝোতা স্মারকের প্রথম ধারা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দক্ষিণ লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডকে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হিসেবে উল্লেখ করা হয়। এর প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল ও জ্বালানি পণ্য এই পথ দিয়ে যাতায়াত করে। ফলে প্রণালী বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট এবং বাজারে অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করতে পারে।
—





