স্টাফ রিপোর্টার: সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে সিলেটের পর্যটন খাত ও বিমানবন্দর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।
শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে পরিণত করতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে। পর্যটন অবকাঠামো উন্নয়ন, বিমানবন্দর আধুনিকীকরণ এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা বিশ্বমানের পর্যায়ে উন্নীত করা হবে।
তিনি আরও জানান, সিলেটের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শিগগিরই শুরু হবে। পাশাপাশি দেশের অন্যান্য বিমানবন্দরগুলোর উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আফরোজা খানম রিতা বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যই দেশের সবচেয়ে বড় শক্তি। শ্রীমঙ্গল অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর সংস্কৃতি ও ঐতিহ্য দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
তিনি বলেন, ‘হারমনি ফেস্টিভ্যাল’ শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি সম্প্রীতি ও সহাবস্থানের প্রতীক। এবারের উৎসবে ২৯টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অংশগ্রহণ দেশের বৈচিত্র্যের অনন্য উদাহরণ।
মন্ত্রী আরও বলেন, সরকার কমিউনিটি ভিত্তিক ও টেকসই পর্যটন উন্নয়নে কাজ করছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটনের সম্পদে রূপান্তরের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






