
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এই ঘোষণার ফলে তারা বৈধ হওয়ার পাশাপাশি কোনো জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পাচ্ছেন।
বুধবার জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস সূত্রে জানা যায়, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত বিদেশি শ্রমিকদের জন্য এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এর আওতায় অবৈধভাবে অবস্থানরত শ্রমিকরা চাইলে জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন। একই সঙ্গে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে জর্ডানে থেকেই বৈধভাবে কাজ করার সুযোগও মিলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাধারণ ক্ষমার সুবিধা নিয়ে শ্রমিকরা তাদের কর্মস্থল পরিবর্তন করতে পারবেন। গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজের সুযোগ পাবেন। এছাড়া ভ্রমণ ভিসায় জর্ডানে যাওয়া ব্যক্তিরাও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।
বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে। প্রয়োজনে দূতাবাসের সহায়তা নেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।
দূতাবাস বলছে, এ সুযোগের মাধ্যমে অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশিরা সহজেই নিজেদের বৈধ করতে পারবেন অথবা কোনো আর্থিক জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন।





