পলিটেকনিকে চাকরি মেলা, ‘কারিগরি শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’ বললেন বিভাগীয় কমিশনার

পলিটেকনিকে চাকরি মেলা, ‘কারিগরি শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’ বললেন বিভাগীয় কমিশনার - Surma Times | Sylhet News
পলিটেকনিকে চাকরি মেলা, ‘কারিগরি শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’ বললেন বিভাগীয় কমিশনার - Surma Times | Sylhet News
সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও সাধারণ শিক্ষার চাকরিপ্রার্থীদের জন্য আয়োজিত ‘চাকরি মেলা ২০২৬’-এ ‘অর্থনৈতিক সমৃদ্ধি ও বৈশ্বিক সংকট মোকাবিলায় কারিগরি শিক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

সুরমা টাইমস ডেস্কঃ সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘চাকরি মেলা ২০২৬’। মেলায় অংশ নিয়ে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু তাত্ত্বিক ডিগ্রি দিয়ে বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে না পারলে তা দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হাতে-কলমে শিক্ষা দিয়ে কর্মক্ষেত্রের উপযোগী জনশক্তি তৈরি করছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. শুয়াইব আহমদ ও অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ। সভাপতিত্ব করেন পলিটেকনিকের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন।

এর আগে সকালে মেলার উদ্বোধন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. আশরাফুল আলম। তিনি বলেন, এই মেলা নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করেছে, যা কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে।

মেলায় ২৪টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং প্রায় ২০০টি পদের বিপরীতে এক হাজারের বেশি আবেদন জমা পড়ে। দিনব্যাপী ইন্টারভিউ, সিভি জমা ও নেটওয়ার্কিংয়ের সুযোগ ছিল, যা চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article