সুরমা টাইমস ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া নির্দেশের পর সিলেট থেকে সরাসরি ঢাকায় ফিরে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বুধবার সকালে মৌলভীবাজার সফরে যাওয়ার পথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিলেটের কয়েকজন সংসদ সদস্য। তাদের সেখানে দেখে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এখানে কেন? আজকে আপনাদের সংসদ নেই? সংসদে যান।’
প্রধানমন্ত্রীর এই নির্দেশের পরই বিকেলে ঢাকায় ফিরে জাতীয় সংসদে যোগ দেন এমপি এমরান আহমদ চৌধুরী। পরে সংসদে উপস্থিতির ছবি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে সঙ্গে সঙ্গেই সংসদে যোগ দিতে ঢাকায় চলে আসেন। তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান সংসদকে শক্তিশালী করা এবং রাষ্ট্রীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে কাজ করছেন, যা তার সংসদীয় গণতন্ত্রের প্রতি গুরুত্বেরই প্রতিফলন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন সকালে ঢাকা থেকে সিলেট পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গল যান। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং একাধিক স্থানে গাছের চারা রোপণ করেন। পরে মৌলভীবাজার সদরেও একই ধরনের কর্মসূচিতে অংশ নেন তিনি।





