সুরমা টাইমস ডেস্কঃ পারস্য উপসাগর অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি অবসানের আশায় বাজারে বড় ধরনের ইতিবাচক সাড়া পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তির খবরেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে একদিনেই বড় পতন নেমে এসেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ২৯ ডলার কমে দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৮৮ ডলারে, যা প্রায় ৪ শতাংশ হ্রাস। একইভাবে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩ দশমিক ৮২ ডলার বা প্রায় ৪ দশমিক ৭ শতাংশ কমে ৭৬ দশমিক ৯৩ ডলারে নেমেছে। এটি গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন।
বিশ্লেষকরা বলছেন, আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা বাজারে শক্তিশালী বার্তা দিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখার ঘোষণাও তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি করেছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লে তেলের দাম দ্রুত বেড়ে যায়। সে সময় প্রতি ব্যারেল তেলের দাম ৬৫ থেকে ৭০ ডলারের সীমা ছাড়িয়ে উচ্চ পর্যায়ে পৌঁছে।
তবে সাম্প্রতিক শান্তি উদ্যোগের খবরে বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। দিনের শুরুতে ২ শতাংশের বেশি কমার পর দিন শেষে দরপতন আরও তীব্র হয়ে প্রায় ৫ শতাংশে পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, চুক্তি বাস্তবায়ন হলে জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে এবং বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।





