সুরমা টাইমস ডেস্কঃ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি স্বাক্ষরের আলোচনা যখন শেষ পর্যায়ে, তখনই নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রোববারের মধ্যেই চুক্তি সই হতে পারে। তবে একই সময়ে লেবাননের বৈরুতে ইসরাইলি হামলা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ও পাকিস্তানি কর্মকর্তারা সম্ভাব্য চুক্তির অগ্রগতি নিশ্চিত করলেও ইরান থেকে ভিন্ন বার্তা পাওয়া যাচ্ছে। ফলে চুক্তি নিয়ে শঙ্কা কাটছে না।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কূটনীতিক জানিয়েছেন, বৈরুতে সাম্প্রতিক হামলা ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্ত করার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, এটি চুক্তি ভেস্তে দেওয়ার চেষ্টা এবং যুক্তরাষ্ট্রকে আবার সংঘাতে জড়ানোর কৌশল হতে পারে।
এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ অভিযোগ করেছেন, বৈরুতের দাহিয়েহ এলাকায় হামলা প্রমাণ করে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না কিংবা আগ্রহী নয়।
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
বিশ্লেষকরা বলছেন, চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা থাকলেও মাঠের বাস্তবতা এবং আঞ্চলিক উত্তেজনা পরিস্থিতিকে যেকোনো সময় অন্য দিকে নিয়ে যেতে পারে।





