সুরমা টাইমস ডেস্কঃ দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইনের ৪৭(৩) ধারার ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংকটির ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে এবং কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হবে।




