
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীর আলী বাহার চা বাগানে দিনব্যাপী উৎসবমুখর আয়োজনে সম্পন্ন হয়েছে বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পূর্ণমিলনী, ম্যাগাজিন প্রকাশনা উৎসব, ফ্যামেলি ডে, র্যাফেল ড্র, খেলাধুলার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোববার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বেতার সিলেটের পরিচালক আব্দুল্লাহ মো. তারিক। সভাপতিত্ব করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আলহাজ মোহাম্মদ কাপ্তান হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত রাখাই সমাজ উন্নয়নের মূল চাবিকাঠি। সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে বৈশাখী যুব কল্যাণ পরিষদের ভূমিকা প্রশংসনীয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের প্রকাশনা ম্যাগাজিন ‘প্রত্যাশা’র মোড়ক উন্মোচন। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়।
দিনব্যাপী আয়োজনে অংশ নেন সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক দর্শনার্থী। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।





