ক্রীড়াকে এবার অর্থনীতির ইঞ্জিন বানাচ্ছে সরকার – ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ!

ক্রীড়াকে এবার অর্থনীতির ইঞ্জিন বানাচ্ছে সরকার - ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ! - Surma Times | Sylhet News

ক্রীড়াকে এবার অর্থনীতির ইঞ্জিন বানাচ্ছে সরকার - ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ! - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস, ঢাকা, ১১ জুনঃ খেলাধুলাকে শুধু মাঠের বিনোদন নয়, বরং আয়-রোজগার ও কর্মসংস্থানের পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাতে পরিণত করার বড় পরিকল্পনা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সিলেটসহ দেশের সব ৬৪ জেলায় আধুনিক স্পোর্টস ভিলেজ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে ইতোমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলায় খেলার অবকাঠামো উন্নয়নে স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হচ্ছে। এর মধ্যে ১০টি জেলার প্রাথমিক নকশাও তৈরি হয়ে গেছে।

অর্থমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়া সম্পর্ক জোরদার করতে ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ কার্যক্রমকে আরও বিস্তৃত করা হবে।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে চালু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। এর আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ আটটি খেলা এতে অন্তর্ভুক্ত রয়েছে।

অর্থমন্ত্রী জানান, এ কর্মসূচিতে সারাদেশ থেকে ইতোমধ্যে এক লাখ ২১ হাজার ৪৯২ জন কিশোর এবং ৪৭ হাজার ১৩০ জন কিশোরীসহ মোট এক লাখ ৬৮ হাজার ৬২২ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। আগামী অর্থবছরে এ কর্মসূচির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলায় অংশ নেওয়ার সুযোগ দিতে বিভিন্ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করা হবে। এতে দেশের ক্রীড়া সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্ম খেলাধুলায় আকৃষ্ট হবে।

অর্থমন্ত্রীর এ ঘোষণাকে ক্রীড়া অঙ্গনের অনেকেই স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু সোনা জয় নয়, ক্রীড়া খাত থেকে আসবে অর্থনৈতিক সমৃদ্ধিও।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article