মৌলভীবাজার প্রতিনিধিঃ অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) জুড়ি উপজেলার ইয়াম্মি পার্টি সেন্টারে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বিভিন্ন এলাকার গবাদি পশু খামারিরা অংশ নেন। ফিড ব্যবস্থাপনা, গাভীর প্রজনন, পশু স্বাস্থ্য পরিচর্যা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অব.) ডা. মো. শরীফুল ইসলাম, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ আক্তারুজ্জামান এবং এরিয়া সেলস ম্যানেজার মো. আমিরুল হক।
বক্তারা বলেন, সঠিক ব্যবস্থাপনা, উন্নত প্রজনন কৌশল এবং বৈজ্ঞানিক যত্নের মাধ্যমে দুধের উৎপাদন অনেকাংশে বাড়ানো সম্ভব। প্রশিক্ষণে উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগবালাই কমানো এবং খামারের লাভ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে একটি কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজক সংস্থা জানায়, সারা বাংলাদেশে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
খামারিরা বলেন, এমন প্রশিক্ষণ তাদের খামার পরিচালনায় নতুন দিশা দেখাবে। ব্র্যাকের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় খামারি ও প্রাণিসম্পদ সংশ্লিষ্টরা।





