সুরমা টাইমস ডেস্কঃ সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ও দুবাগ ইউনিয়ন স্পর্শ করে ছুটেছে সারপার-সিলেটিপাড়া-গজুকাটা সড়ক। দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার।
স্থানীয় পর্যায়ে আন্তঃযোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা এটি। বিশেষ করে এটি বিজিবি ক্যাম্পে যাতায়াতের পথ।
গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে পড়ে ছিলো সংস্কারবিহীন। তবে এ আসনের নতুন সংসদ সদস্য অ্যাড. এমরান আহমদ চৌধুরী স্থানীয় হাজার হাজার বাসিন্দার জন্য নিয়ে আসলেন সুসংবাদ।
প্রায় ২১ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক এবার সংস্কার ও বড় করতে বরাদ্দ দিয়েছে সরকার। এমপি এমরান আহমদ চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রায় ৪৭ কোটি বরাদ্দ দিয়েছে। ৩ ভাগে শেষ হবে এ প্রকল্পের কাজ।
এমপি এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন- সোমবার (৮ জুন) এ প্রকল্পের বরাদ্দ মিলেছে। বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪৬ কোটি ৬৪ লাখ। প্রথমেই সিলেট-৬ আসনের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এলজিইডি মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন- সিলেটের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা নজর রয়েছে। আমরা আশা করছি- এ ৫ বছরে সিলেট বিভাগের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে। দূর হবে সিলেটের উন্নয়ন-বঞ্চনা।
এই প্রকল্পের ফলে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ও দুবাগ ইউনিয়নের হাজার হাজার মানুষ যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য সুবিধা পাবে। সড়ক সংস্কারের কাজ তিন ভাগে সম্পন্ন হবে এবং প্রায় ৪৭ কোটি টাকার বরাদ্দ অর্জন করে স্থানীয় মানুষের জন্য এমপি এমরান আহমদ চৌধুরী বড় একটি উন্নয়ন কাজের যাত্রা শুরু করেছেন।





