
সুরমা টাইমস ডেস্কঃ বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে ব্যাপক অনিয়ম ও অসংগতির অভিযোগ উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, সরকারি কর্মকর্তাদের ভুল তালিকা প্রণয়নের কারণে প্রকৃত দরিদ্র পরিবারগুলো কার্ড থেকে বঞ্চিত হয়েছে, অন্যদিকে অনেক সচ্ছল ও স্বচ্ছল পরিবার এই সুবিধা ভোগ করছে।
রোববার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি এই পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে এমন অভিযোগ উঠবেই। তিনি জানান, ত্রুটিপূর্ণ তালিকার কারণে অনেক এলাকায় যোগ্যরা বাদ পড়ছে আর অযোগ্যরা সুবিধা পেয়ে যাচ্ছে।
প্রতিবেদনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অভিযোগের কথাও উল্লেখ করা হয়। গত ১৬ মে নেত্রকোনায় নিজ নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। ডেপুটি স্পিকার জানিয়েছিলেন, তার এলাকায় অনেক প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষ এই কার্ড পাননি। বিপরীতে সচ্ছল অনেক পরিবার কার্ড পেয়েছে। এজন্য বঞ্চিত মানুষের কাছে হাতজোড় করে দুঃখ প্রকাশও করেছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে টিআইবির গবেষক জুলকারনাইনসহ ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক সুমাইয়া খায়ের, সদস্য মুহাম্মদ বদিউজ্জামান, রাজিয়া সুলতানা, শহীদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়। মে মাসের মাঝামাঝি পর্যন্ত সারাদেশে প্রায় ৫৩ হাজার পরিবারের মধ্যে এ কার্ড বিতরণ করা হয়েছে।
টিআইবির এই প্রতিবেদন সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত দরিদ্রদের কাছে সুবিধা পৌঁছে দিতে সরকারের দ্রুত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





