সুরমা টাইমস ডেস্কঃ ইরানের জাতীয় ফুটবল দলের ম্যানেজমেন্ট ও সাপোর্ট স্টাফের একাধিক গুরুত্বপূর্ণ অফিশিয়ালকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফিফার কাছে নালিশ করেছে ইরান। আগামী ১১ই জুন যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় পর্দা উঠছে ফুটবল মহোৎসবের।
গত ১৮ই মে থেকে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট শহর আন্টালিয়ায় নিবিড় অনুশীলন ক্যাম্প করে ইরান দল। শুক্রবার রাতে ফুটবলাররা ভিসা পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিশ্চিত করেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের এই প্রচেষ্টাকে তিনি সাধুবাদও জানান।
এর কয়েক ঘণ্টার ব্যবধানে আজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্কে অবস্থিত ইরানি দূতাবাস। মার্কিন রাষ্ট্রদূতের বার্তার জবাবে তারা জানায়, খেলোয়াড়রা ভিসা পেলেও ম্যানেজমেন্টের একটি “বড় অংশকে” পরিকল্পিতভাবে ভিসা দেয়া হয়নি।
এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানি দূতাবাস জানায়, “আপনারা কেন বলছেন না যে দলের ম্যানেজমেন্ট, নির্বাহী কর্মকর্তা, টেকনিক্যাল অ্যাডভাইজার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টাফদের একটি বড় অংশকে ভিসা দেওয়া হয়নি? অথচ তারা যেকোনো জাতীয় ফুটবল দলের অবিচ্ছেদ্য অংশ। আপনারা ইরানের জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে ইচ্ছাকৃত এবং বৈষম্যমূলক আচরণকে এখন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন।”
ইরানের গণমাধ্যমগুলোর সূত্রমতে, মার্কিন ভিসা না পাওয়া কর্মকর্তাদের তালিকায় আছেন খোদ ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ, পরিচালক মেহদি খারাতি, ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়েত মোম্বিনি এবং মিডিয়া ডিরেক্টর মহসেন মোতামেদকিয়া।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, ভিসা না পাওয়া এই কর্মকর্তারা আপাতত দলের সঙ্গেই মেক্সিকো যাবেন এবং সেখান থেকেই মার্কিন ভিসা পাওয়ার চেষ্টা চালিয়ে যাবেন।





