নিউইয়র্ক: সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের সর্বোচ্চ সম্মান ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ দেওয়া হয়েছে।
শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তাদের পদকগুলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন।
নিহত শান্তিরক্ষীরা হলেন- করপোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট সান্তো মন্ডল। তারা গত বছর ১৩ ডিসেম্বর এক ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন।
অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত নিহত প্রায় ৪,৫০০ শান্তিরক্ষীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এ বছর মোট ৩৩টি দেশের ৬৮ জন শান্তিরক্ষীকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়েছে।
রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী নিহত শান্তিরক্ষীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতিসংঘের শোক বইতে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ড্যাগ হ্যামারশোল্ড পদক জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আত্মত্যাগকারীদের সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশি শান্তিরক্ষীদের এই অর্জন দেশের জন্য গৌরবের বিষয়।





