সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৮ বছরের শিশু সৌমাতা সরকার নিঝুম।
শুক্রবার (৫ জুন) বিকাল ৪টার দিকে নতুন চালু হওয়া পর্যটকবাহী হাউসবোট ‘ভ্রমণশৈলী’র চলন্ত ইঞ্জিনে পড়ে গিয়ে নিঝুম গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নিঝুম সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে। ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের বাসিন্দা। পরিবার ও আত্মীয়-স্বজনদের নিয়ে হাউসবোটের উদ্বোধনী ভ্রমণে টাঙ্গুয়ার হাওরে গিয়েছিলেন তারা।
দুর্ঘটনার বর্ণনাঃ
হাওরে গোসল শেষে নিলাদ্রী লেকের উদ্দেশ্যে যাওয়ার সময় হাউসবোটের পেছন থেকে সামনের দিকে আসছিল নিঝুম। এ সময় অসাবধানতাবশত চলন্ত ইঞ্জিনের মধ্যে পড়ে যায় শিশুটি। তাৎক্ষণিক ইঞ্জিন বন্ধ করা হলেও ততক্ষণে তার শরীর মেশিনের ব্লেডে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল।
হাউসবোটের মালিক পংকজ রায় জানান, “এটি ছিল আমাদের হাউসবোটের প্রথম ট্রিপ। নিঝুম তার মা ও বোনের সঙ্গে ছিল। মেশিনে পড়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করা হয়েছে, কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।”
তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বাবার আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাওরের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





