সিলেট: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। অথচ যুগ যুগ ধরে তারাই সবচেয়ে বেশি লাঞ্ছিত ও বঞ্চিত।
তিনি বলেন, “ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।” ঈদুল আজহার ত্যাগের শিক্ষা কাজে লাগিয়ে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ফখরুল ইসলাম আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর জনগণ অনেক আশা করেছিল। কিন্তু বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি করে শ্রমজীবীদের জীবন আরও দুর্বিষহ করে তুলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রান্তিক মানুষের দুর্দশা বেড়েছে।
এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এস.এম. মনোয়ার, আক্কাস আলী, নজরুল ইসলাম, দিলশাদ মিয়া, আব্দুল জলিলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ফেডারেশনের বিভিন্ন থানা ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





