সিলেট: আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শ্রমজীবীদের কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ বরাদ্দ রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখা।
শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টায় ইলেকট্রিক সাপ্লাই রোডে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি আবু জাফরের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাহফুজ আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি শহিদ আহমদ, নির্মাণ শ্রমিক ফ্রন্টের ইয়াজনুর, রাছেল আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সরকার প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে। কিন্তু শ্রমজীবীদের জন্য কর্মসংস্থান, খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্যকর আবাসন ও সামাজিক নিরাপত্তায় যথাযথ বরাদ্দ না থাকলে এ বাজেট শ্রমিকদের কোনো উপকারে আসবে না।
তারা আরও বলেন, মুদ্রাস্ফীতির কারণে শ্রমজীবীরা চরম ক্ষতির সম্মুখীন। কৃষিভিত্তিক শিল্প স্থাপন, বন্ধ কলকারখানা চালু এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে।
বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান এবং বলেন, এ ধরনের সিদ্ধান্ত শ্রমজীবীদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে।
সমাবেশে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমজীবীদের দাবি উপেক্ষা করলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।





