সিলেট: সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম টুর্নামেন্ট ২০২৬ শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার ভেন্যুতে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. মাসুদ রানা প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এডিসি মাসুদ রানা বলেন, ক্যারম আমাদের গ্রামীণ জনপদের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। দক্ষিণ এশিয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে। তিনি খেলোয়াড়দের জন্য আরও বেশি আয়োজন করার আহ্বান জানান।
তিনি জানান, জেলা প্রশাসন খেলাধুলার প্রসারে বার্ষিক ক্যালেন্ডার তৈরি করেছে, যাতে খেলোয়াড়রা সহজেই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং বিপুল চন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ হোসেইন আরমান, সিলেট ক্যারম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ হাসানসহ অনেকে।
এবারের টুর্নামেন্টে মোট ৮৮ জন খেলোয়াড় অংশ নিয়েছেন, যার মধ্যে ৯ জন নারী খেলোয়াড় রয়েছেন।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় সিলেট ক্যারম অ্যাসোসিয়েশন এ টুর্নামেন্টের আয়োজন করেছে।





