সুরমা টাইমস ডেস্কঃ ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ম্যাচ বাংলাদেশে সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
সর্বশেষ তথ্য অনুসারে, রাষ্ট্রীয় চ্যানেল বিটিভি ছাড়াও টি স্পোর্টস এবং সময় টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপের ম্যাচগুলো। এছাড়া বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি সব ১০৪টি ম্যাচ সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে। গ্রামীণফোনের বায়োস্কোপেও সম্প্রচারের সম্ভাবনা রয়েছে।
কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় দেশজুড়ে ফুটবল উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানিসহ জনপ্রিয় দলগুলোর ম্যাচ ঘিরে রাত জেগে উন্মাদনা দেখার অপেক্ষায় রয়েছেন কোটি কোটি সমর্থক।
বিশ্বকাপের নতুন রূপ
২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং মোট ম্যাচ হবে ১০৪টি। টুর্নামেন্ট শুরু হবে আগামী বছর ১১ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।
বিটিভির মাধ্যমে গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকার দর্শকরা সহজেই খেলা দেখতে পারবেন। অন্যদিকে টি স্পোর্টস, সময় টিভি, টফি ও বায়োস্কোপ দর্শকদের জন্য বাড়তি বিকল্প হয়ে উঠবে। স্মার্টফোন, ল্যাপটপ কিংবা টিভিতে সবাই এখন বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন।
বাংলাদেশে বিশ্বকাপ মানেই উৎসব। আগামী বছর সেই উৎসব আরও জমকালো হবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা।





