সাহারায় তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু, দুই যাত্রী ৫০ কিলোমিটার হেঁটে বাঁচালেন প্রাণ

সাহারায় তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু, দুই যাত্রী ৫০ কিলোমিটার হেঁটে বাঁচালেন প্রাণ - Surma Times | Sylhet News

সাহারায় তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু দুই যাত্রী ৫০ কিলোমিটার হেঁটে বাঁচালেন প্রাণনাইজার: পশ্চিম আফ্রিকার নাইজারের সাহারা মরুভূমিতে এক মর্মান্তিক ঘটনায় ৪৯ জন যাত্রী তৃষ্ণায় প্রাণ হারিয়েছেন। ট্রাক বিকল হয়ে পড়ায় পানির অভাবে তাদের এই করুণ পরিণতি হয়েছে।

নাইজারের আগাদেজ গভর্নরেট বৃহস্পতিবার (৫ জুন) এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানায়, নিহতরা মুসলিম ধর্মীয় উৎসব উপলক্ষে মালি থেকে ফিরছিলেন। পথে সাহারা মরুভূমির দুর্গম এলাকায় তাদের ট্রাকটি বিকল হয়ে যায়।

ট্রাকটি আসামাকা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে বিকল হয়। চালক ও সহকারীরা মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন। দীর্ঘ সময় আটকে থাকায় সঙ্গে থাকা পানি শেষ হয়ে যায়। তীব্র গরম আর পানির সংকটে একে একে ৪৯ জনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে গণকবর দেওয়া হয়েছে।

তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন দুই যাত্রী। তারা প্রায় ৫০ কিলোমিটার মরুভূমি পায়ে হেঁটে একটি পানির উৎসে পৌঁছান। পরে আসামাকা শহরে গিয়ে প্রশাসনকে খবর দেন।

উল্লেখ্য, সাহারা মরুভূমির এই রুটটি আফ্রিকা থেকে ইউরোপগামী অভিবাসীদের জন্য পরিচিত ট্রানজিট পথ। প্রতি বছর চরম তাপদাহ, পানির অভাব ও খাদ্য সংকটে এখানে বহু মানুষ প্রাণ হারান।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে নাইজার সরকার।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article