জ্বালানি তেল-বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে সিলেটে জামায়াতের বিক্ষোভ

জ্বালানি তেল-বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে সিলেটে জামায়াতের বিক্ষোভ - Surma Times | Sylhet News

Sylhet City Jamat Pic 4 6 26 2সুরমা টাইমস ডেস্কঃ জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে সিলেট মহানগর জামায়াত। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এই দাবি তোলেন নেতারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার আগে বিদ্যুতের দাম দুই বছর না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তিন মাসের মাথায় ৭৫ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে ইউনিটপ্রতি দেড় টাকা করে দাম বাড়ানো হয়েছে। তিনি বলেন, দফায় দফায় জ্বালানী তেল ও নিত্যপণ্যের দাম বাড়ার মধ্যে এই সিদ্ধান্ত জনগণের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকার ক্ষমতায় এসে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে এবং শপথ গ্রহণের পর থেকেই জনগণের সঙ্গে প্রতারণা করে চলেছে। তার ভাষায়, গণভোট, সংস্কার ও জুলাই সনদ উপেক্ষা করে সরকার তার অবস্থান স্পষ্ট করেছে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এতে মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ আবদুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট মোঃ আলিম উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু এবং জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম।

জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, সরকার ভোটে নির্বাচিত নয়, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলেই জনগণের ওপর জুলুম শুরু করেছে। তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে, আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে, নারী ও শিশুরাও নিরাপদ নয়। তার দাবি, ব্যাংকখাতসহ বিভিন্ন ক্ষেত্রে ষড়যন্ত্র চলছে এবং জামায়াত জনগণের কল্যাণে রাজপথে নেমেছে।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article