বিদ্যুৎ বিলে বড় স্বস্তি! একদিনেই দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার

বিদ্যুৎ বিলে বড় স্বস্তি! একদিনেই দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার - Surma Times | Sylhet News

Electricity Meterসুরমা টাইমস ডেস্কঃ ঢাকা, ৪ জুন: মাত্র ২৪ ঘণ্টার মাথায় বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য পুরোনো দরই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ০-৫০ ইউনিট (লাইফলাইন) এবং ০-৭৫ ইউনিট (প্রথম ধাপ) পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বর্ধিত মূল্য প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ আগের দামেই তাদের বিল দিতে হবে।

গতকাল বুধবার বিইআরসি পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপে ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অনুরোধে দ্রুতই সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হলো নিয়ন্ত্রক সংস্থা।

দেশের মোট বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৬৫ শতাংশই লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহক। সরকারের এই পরিবর্তিত সিদ্ধান্তে কোটি কোটি সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।

কতটা সাশ্রয় হবে গ্রাহকদের?

  1. লাইফলাইন গ্রাহকদের (০-৫০ ইউনিট) ক্ষেত্রে প্রতি ইউনিট ৬৯ পয়সা বাড়ানোর প্রস্তাব বাতিল হয়েছে। তারা আগের মতোই প্রতি ইউনিট ৪ টাকা ৬৩ পয়সায় বিল দিতে পারবেন। ফলে মাসে গড়ে ৩৪ টাকা ৫০ পয়সা বেশি গুনতে হবে না।
  2. প্রথম ধাপের গ্রাহকদের (০-৭৫ ইউনিট) ক্ষেত্রে প্রতি ইউনিট ৯২ পয়সা বৃদ্ধি প্রত্যাহার করা হয়েছে। তারা আগের দাম ৫ টাকা ২৬ পয়সা ইউনিট অনুযায়ী বিল পরিশোধ করবেন। এতে তাদের মাসে বাড়তি ৬৯ টাকার বোঝা কমলো।

সাধারণ গ্রাহকদের মধ্যে এই সিদ্ধান্তে স্বস্তির ছাপ স্পষ্ট। অনেকেই বলছেন, গরমের এই সময়ে বিল বাড়লে সংসার চালানো আরও কঠিন হয়ে যেত। বিইআরসির দ্রুত সাড়া দেওয়ায় অনেকটা চাপ কমলো সাধারণ মানুষের কাঁধ থেকে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article