সিলেট: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসানকে তীব্র অসন্তোষ প্রকাশ করে সতর্কবার্তা দিয়েছে সিলেট মহানগর বিএনপি।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ৩১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে আফসান ঔদ্ধত্যপূর্ণ ও আক্রমণাত্মক আচরণ করেন। প্রকাশ্য সভায় দায়িত্বশীল নেতাদের সামনে এমন আচরণ দলের ভাবমূর্তি নষ্ট করেছে বলে উল্লেখ করা হয়।
বিএনপি নেতৃবৃন্দ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় মহানগর বিএনপির অভ্যন্তরে নেতৃত্বের শৃঙ্খলা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।




