জুড়িতে কৃষক কার্ডের টাকা ডিলারের পকেটে, নগদ লেনদেনের অভিযোগ

জুড়িতে কৃষক কার্ডের টাকা ডিলারের পকেটে, নগদ লেনদেনের অভিযোগ - Surma Times | Sylhet News
জুড়িতে কৃষক কার্ডের টাকা ডিলারের পকেটে
জুড়িতে কৃষক কার্ডের টাকা ডিলারের পকেটে

জুড়ী (মৌলভীবাজার)সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে কৃষক কার্ডের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। একইসঙ্গে কৃষি উপকরণ সরবরাহের পরিবর্তে নগদে লেনদেনের গুরুতর অভিযোগও পাওয়া গেছে।

অভিযুক্ত ডিলার মেসার্স মিজান স্টোরের স্বত্বাধিকারী মিজানুর রহমান। তিনি ফুলতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের ভাই এবং একই ইউনিয়ন বিএনপির সদস্য।

গত ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১০ জেলার ১১ উপজেলায় ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় জুড়ী উপজেলার ফুলতলা ব্লকের ৬৭০ জন কৃষকের ব্যাংক হিসাবে ২ হাজার ৫০০ টাকা করে সরকারি সহায়তা জমা হয়। নিয়ম অনুযায়ী কৃষকরা ডিলারের পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনে কার্ড ব্যবহার করে সরকার নির্ধারিত মূল্যে সার, বীজ, কীটনাশক ও মৎস্য খাদ্য ক্রয় করতে পারেন।

কিন্তু গত ২৪ মে ফুলতলা ব্লকের কৃষক কার্ডধারী মমতা বুনার্জী, নিরঞ্জন রবিদাস ও শেফালী নায়েক উপজেলা কৃষি কর্মকর্তার কাছে যৌথভাবে লিখিত অভিযোগ দাখিল করেন। তারা জানান, কৃষি উপকরণ ক্রয়ের জন্য মিজান স্টোরে গেলে ডিলার বারবার তাদের কার্ড সক্রিয় হয়নি বলে জানান। পরে সোনালী ব্যাংকে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, তাদের কার্ডে জমাকৃত অর্থ ইতিমধ্যে উত্তোলন বা লেনদেন করা হয়েছে। তাদের দাবি, ডিলার কার্ডের অর্থ আত্মসাৎ করেছেন।

অভিযোগের পর উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম জহুরুল হককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্তের আওতায় শুধু ৩ কৃষকের বিষয়ই নয়, কৃষি পণ্য সরবরাহের পরিবর্তে নগদ অর্থ লেনদেনের অভিযোগও যাচাই করা হচ্ছে।

সোনালী ব্যাংকের জুড়ী শাখা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযোগকারী ৩ কৃষকের কার্ডের অর্থ ৪টি পৃথক লেনদেনের মাধ্যমে ই-কমার্স পদ্ধতিতে মিজান স্টোরের হিসাবে স্থানান্তরিত হয়েছে। ব্যাংক শাখা ব্যবস্থাপক সজল কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ অস্বীকার করে মিজান স্টোরের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ডিলারের পিওএস মেশিন জব্দ করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article