দুই মন্ত্রীর কাছে সিলেটের বড় দাবি, গণদাবী পরিষদের স্মারকলিপি জমা

দুই মন্ত্রীর কাছে সিলেটের বড় দাবি, গণদাবী পরিষদের স্মারকলিপি জমা - Surma Times | Sylhet News
দুই মন্ত্রীর কাছে সিলেটের বড় দাবি
দুই মন্ত্রীর কাছে সিলেটের বড় দাবি

সুরমা টাইমস ডেস্কঃ সিলেটবাসীর দীর্ঘদিনের অপূর্ণ দাবিগুলো নিয়ে এবার সরাসরি দুই মন্ত্রীর দ্বারস্থ হয়েছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ।

গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের নেতৃত্বে নেতৃবৃন্দ গত ২৭ মে বুধবার বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে এবং ৩০ মে শনিবার শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে পৃথক স্মারকলিপি জমা দিয়েছেন।

সিলেট সার্কিট হাউসে মন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ২৫ মিনিটের বৈঠকে গণদাবী পরিষদ নেতারা সিলেটের বিভিন্ন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি তুলে ধরেন। মন্ত্রী এসময় জানান, মণিপুরি রাজবাড়িকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে। এছাড়া রাতারগুল সোয়াম ফরেস্ট, সাদাপাথর ও বাইশটিলায় আন্তর্জাতিক মানের পার্ক গড়ে তোলা হবে। তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে বিদেশি ফ্লাইট চালুর আশ্বাসও দেন।

অন্যদিকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি দেওয়ার সময়ও সিলেটবাসীর ন্যায্য দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়েছেন নেতৃবৃন্দ। মন্ত্রী বলেন, এগুলো সিলেটের জনগণের দাবি। পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

স্মারকলিপিতে যেসব দাবি রয়েছে:

  • দক্ষিণ সুরমায় সিলেট বিভাগীয় ফায়ার সার্ভিস সদর দপ্তর ও ট্রেনিং সেন্টার দ্রুত নির্মাণ
  • বহুতল ভবন উদ্ধারে ঢাকা থেকে অত্যাধুনিক যানবাহন সরবরাহ
  • সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কাজ শুরু
  • মৌলভীবাজার ও জালালাবাদ সেনানিবাসে ৫০ আসনের মেডিকেল কলেজ স্থাপন
  • সিলেটে পূর্ণাঙ্গ সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
  • সিলেট-আখাউড়া ডুয়েল গেজ প্রকল্প বাতিল করে ঢাকা-চট্টগ্রামের আদলে ডাবল রেললাইন নির্মাণ (৪ ঘণ্টায় সিলেট-ঢাকা)
  •  শায়েস্তাগঞ্জ-আখাউড়া নতুন রেললাইন
  • ওসমানী বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রকল্প দ্রুত শেষ করা
  • ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের কাজ ত্বরান্বিত করা
  • সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সড়ক দ্রুত নির্মাণ

প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠানো ৩০ লাখ প্রবাসীর অবদানের কথা তুলে ধরে গণদাবী পরিষদ নেতৃবৃন্দ মন্ত্রীদ্বয়ের কাছে সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বেলাল উদ্দীন, মোসলেহ উদ্দীন, সাধারণ সম্পাদক মনসুর আহমদ লষ্করসহ অনেকে।

সিলেটবাসী এখন দেখতে চায়, দুই মন্ত্রীর আশ্বাস কত দ্রুত বাস্তবে রূপ নেয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article