সুরমা টাইমস ডেস্কঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার আয়োজিত এ কর্মসূচিতে শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম ও মানবিক রাজনীতিকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আফছর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার। যুদ্ধবিধ্বস্ত দেশকে তিনি স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়েছিলেন। তার ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে নতুন করে শপথ নিতে হবে, যেন তার সততা, দেশপ্রেম ও আদর্শকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করা যায়।
তিনি আরও বলেন, রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের প্রতিটি নেতাকর্মীকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সকশিষ সিলেট বিভাগের আহ্বায়ক অধ্যাপক মো. মনিরুল ইসলাম এবং বিএনপি নেতা সফিকুর রহমান টুটুল।
অনুষ্ঠানে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে প্রধান অতিথি ও অন্য নেতৃবৃন্দ দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

