সিলেটে শহীদ জিয়া স্মৃতি সংসদের দোয়া মাহফিল, ঐক্যের আহ্বান

ডেস্ক রিপোর্টঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শনিবার বাদ আসর হযরত শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি সংকটকালীন সময়ে দেশের দায়িত্ব নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় স্বনির্ভরতার ভিত্তি গড়ে তুলেছিলেন।

তারা আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদারের মাধ্যমে জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This Article