সুরমা টাইমস ডেস্কঃ লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চল গোল্ডার্স গ্রিনে একটি ইহুদি সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে শতাধিক দমকলকর্মী ও ১৫টি ফায়ার ইঞ্জিন কাজ করছে, এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
বুধবার সকাল ৬টা ৪৭ মিনিটে প্রথম জরুরি কল পায় লন্ডন ফায়ার ব্রিগেড। এরপর একের পর এক মোট ৫৬টি কল আসে। আগুনের সূত্রপাত গোল্ডার্স গ্রিন রোডের ‘কোশার কিংডম’ সুপারমার্কেটের পেছনের অংশ থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় ফিঞ্চলি, উইলেসডেন ও ওয়েস্ট হ্যাম্পস্টেডসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়েছে। আগুন নেভাতে ৩২ মিটার উচ্চতার টার্নটেবল ল্যাডারও ব্যবহার করা হচ্ছে।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তিনতলা ভবনের একটি অংশে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
ঘন ধোঁয়ার কারণে আশপাশের বাসিন্দাদের জানালা ও দরজা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি গোল্ডার্স গ্রিন রোডের কিছু অংশ, বিশেষ করে বেভারলি গার্ডেনস সংলগ্ন এলাকা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল এড়িয়ে চলতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।





