বাংলাদেশিদের নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, আর ‘জামাই আদর’ নয়

সুরমা টাইমস ডেস্কঃ ভারতে বাংলাদেশিদের প্রতি আর কোনো ধরনের ‘সহনশীলতা’ দেখানো হবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠক শেষে দেওয়া তার এই বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

মঙ্গলবার নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শুভেন্দু দাবি করেন, বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্ট এলাকায় বিপুল সংখ্যক ‘অবৈধ বাংলাদেশি’ জড়ো হয়েছেন।

তাদের উদ্দেশে কঠোর ভাষায় তিনি বলেন, দ্রুত এলাকা ছেড়ে চলে যেতে হবে, অন্যথায় সরকার ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, আটক করে জেলে রেখে রাষ্ট্রের অর্থ ব্যয় করার পক্ষে নন। বরং পুলিশ সরাসরি তাদের বিএসএফের কাছে হস্তান্তর করবে।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, অনুপ্রবেশকারীরা স্থানীয় মানুষের ক্ষতি করছে এবং অতীতে ভোটের রাজনীতির কারণে আইন প্রয়োগে শিথিলতা ছিল। এখন সেই অবস্থান থেকে সরে এসে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এর আগে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আটক শিবির গঠনের নির্দেশ দেয় রাজ্য সরকার। একই ধরনের পদক্ষেপ ভারতের আরও কয়েকটি রাজ্যেও নেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বক্তব্য দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে, পাশাপাশি সীমান্ত পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে।

Share This Article