নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে এমসি কলেজে মানববন্ধন

সুরমা টাইমস ডেস্কঃ ঢাকায় রামিসা ও সিলেটে ফাহিমাসহ সব নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের সুষ্ঠু বিচারের দাবিতে সিলেটের এমসি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার এমসি কলেজ শাখার উদ্যোগে কলেজের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার হাতে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরে তারা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ছাত্রী সংস্থার এমসি কলেজ শাখার সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তাশফিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি নিশাত বিনতে নুরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শাবিপ্রবি শাখা সভানেত্রী আমিনা বেগম, সিলেট মহানগরীর দপ্তর সম্পাদিকা বুশরা সাদিয়া এবং এমসি কলেজের শিক্ষার্থী মেহেদী আক্তার মাছুমা।

বক্তারা বলেন, নারী ও শিশু সহিংসতার ঘটনায় বারবার উদ্বেগ প্রকাশ করা হলেও দৃশ্যমান বিচার ও প্রতিরোধমূলক পদক্ষেপ যথাযথভাবে নেওয়া হচ্ছে না। এতে সমাজে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে।

মানববন্ধনে ৩ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি কার্যকরের ঘোষণা বাস্তবায়ন, সব নারী ও শিশু সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং প্রতিটি মামলার অগ্রগতি নিয়মিত সংবাদমাধ্যমে প্রকাশ করা।

এছাড়া নারী ও শিশু সহিংসতার মামলা সংক্রান্ত কাজে প্রশাসনের কোনো পর্যায়ের কর্মকর্তার গাফলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে হবে। একই সঙ্গে সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানো জরুরি বলে তারা মত দেন।

Share This Article