সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ইমদাদ হোসেন চৌধুরী

সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ইমদাদ হোসেন চৌধুরী - Surma Times | Sylhet News

নাথপাড়ায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময়সুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষের অধিকার সমান। সনাতন ধর্মাবলম্বীসহ সবাই এই দেশের সন্তান, তাই এদেশে কারও অধিকার কম বা বেশি নয়।

সোমবার মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের নাথপাড়ার ঐতিহ্যবাহী সুনীল মরিলের বাড়িতে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল ভোট ও সমর্থনে বিএনপি আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার বদ্ধপরিকর।

আওয়ামী লীগের অতীত শাসনের সমালোচনা করে তিনি বলেন, তারা সংখ্যালঘুদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও বাস্তবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। তার দাবি, আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

বর্তমান বিএনপি সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার নানা সুনির্দিষ্ট উদ্যোগ নিয়েছে। যেকোনো উগ্রবাদ কঠোরভাবে দমন করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জনকল্যাণমূলক প্রকল্পও বাস্তবায়ন করা হচ্ছে।

সংখ্যালঘুদের আশ্বস্ত করে তিনি বলেন, কেউ নিজেদের কখনো সংখ্যালঘু বা দুর্বল ভাববেন না। এই দেশ সবার। যেকোনো সমস্যায় বিএনপি এবং বর্তমান সরকার তাদের পাশে থাকবে।

মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন অসিত বরণ দাশ, ঝন্টু বর্মন, মাছুমুর রহমান, মো. অমিনুল ইসলাম, অলক রঞ্জন পাল, বেলাল আহমেদ, রাজিব পুরকায়স্থ, সুমন চন্দ্রনাথ, মলয় পুরকায়স্থ, আল-আমিন, রায়হান উদ্দিন, মোর্শেদ আলম, লায়লা বেগম, হাবিবুর রহমান, সন্তোষ দেব, অপূর্ব কুমার দাশ, অভিজিৎ দে সুমন, চয়ন কান্তি রায়, লিটন চন্দ্র কর, মো. কায়ছার আহমদ, বিষ্ণু দেবনাথ, বিশ্বদেব নাথ, সুজন বৈশ্য, মোহাম্মদ শাহজাহানসহ আরও অনেকে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article