সিলেটে আতিয়া মহলে জঙ্গি হামলা, তিন জেএমবি সদস্য খালাস

সিলেটে আতিয়া মহলে জঙ্গি হামলা, তিন জেএমবি সদস্য খালাস - Surma Times | Sylhet News

337210968 257297170204159 7392766727496976818 n 600x337 1

নিজস্ব প্রতিবেদক::

 

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আলোচিত আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের মামলায় তিন আসামিকেই খালাস দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুর ১২ টায় সিলেটের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এই রায় দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দীর্ঘ ৫ বছর ১১ মাস পর এ মামলার রায় প্রধান করা হলো।

খালাসপ্রাপ্তরা হলেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার বাইশারীর ২৯ বছর বয়সী জহুরুল হক ওরফে জসিম, ২৮ বছর বয়সী মো. হাসান, ও জসিমের স্ত্রী ২২ বছর বয়সী আর্জিনা ওরফে রাজিয়া সুলতানা।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩শে মার্চ দিবাগত রাত থেকে আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। অভিযানে র‌্যাব, পুলিশ, পুলিশের বিশেষ ক্রাইম রেসপন্স টিম (সিআরটি), সেনাবাহিনীর কমান্ডো দল অংশ নিয়েছিল। সেনাবাহিনীর পরিচালিত ‘অপারেশন টোয়াইলাইট’ শেষে ভবনের ভেতর থেকে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

অপারেশন শেষ হওয়ার আগে অভিযান চলাকালে আতিয়া মহল থেকে কিছু দূরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে র‌্যাবের গোয়েন্দা বিভাগের তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ, দুই পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছিলেন।

আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শেষে তিনটি মামলা হয়ছিল। মামলার প্রথম দিকে পুলিশ তদন্ত করলেও পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তভার নেয়। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পিবিআই।

 

অভিযোগপত্রে তিনজনকে অভিযুক্ত করা হয়। পরে ওই বছরই চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক জঙ্গিবিরোধী অভিযানে জহুরুল ও তাঁর স্ত্রী আর্জিনা এবং কুমিল্লার চান্দিনা থেকে মো. হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে ২০১৯ সালের জানুয়ারিতে তাঁদেরকে আতিয়া মহলের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে বোমা বিস্ফোরণ ও হত্যার ঘটনায় হওয়া দুটি মামলায় ২০১৯ সালের ১৪ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। প্রতিবেদনে মামলা নিষ্পত্তির আবেদন করা হয়েছিল।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article