
সিলেট, ২৫ নভেম্বর: আনন্দ-উচ্ছ্বাস, উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মুহিবুর রহমান একাডেমিতে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬’। বুধবার (২৫ নভেম্বর) দ্বিতীয় দিনে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনের ১৬টি শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনের সমাপ্তি হয়।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রথম দিনে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনের ১৪টি শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। দুই দিনে একাডেমির মোট ৩০টি শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী এ উৎসবে যোগ দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান এবং একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, পূবালী ব্যাংক পিএলসি দরগাগেট শাখার ব্যবস্থাপক মোছা. মাকসুদা বেগম ও ব্যাংকের কর্মকর্তা ডালিয়া আক্তার। একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, সমন্বয়কেরা এবং শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন।
সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় একাডেমির বিশাল মাঠ পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়। শিক্ষার্থীরা নিজেদের শ্রেণিকক্ষ সাজিয়ে তোলে রঙিন সাজসজ্জায়। তাদের সৃজনশীল ভাবনা, নান্দনিক পরিকল্পনা ও বৈচিত্র্যময় উপস্থাপনায় প্রতিটি কক্ষ হয়ে ওঠে একেকটি শিল্পকর্ম।
সৃজনশীল পরিবেশনা ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, স্মৃতিময় মুহূর্ত তৈরি এবং নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পেয়ে শিক্ষার্থীদের কাছে আয়োজনটি হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা।
আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য, সম্প্রীতি ও দলগত অংশগ্রহণের মনোভাব জোরদার করা এবং তাদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ ও আন্তরিকতার বন্ধন সুদৃঢ় করতেও এ আয়োজন ভূমিকা রেখেছে বলে জানা গেছে।
বছর শেষের পড়াশোনার চাপের মাঝে এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য স্বস্তির এক বিরতি হয়ে আসে। পরীক্ষা আর পাঠ্যবইয়ের বাইরে সহপাঠ্য কার্যক্রমের এই ধারা ভবিষ্যতেও কতটা অব্যাহত থাকে, সেদিকেই নজর থাকবে।






