জামালগঞ্জে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

জামালগঞ্জে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ - Surma Times | Sylhet News

জামালগঞ্জে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ - Surma Times | Sylhet News

সুনামগঞ্জ, ২৫ নভেম্বর: সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাটসংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নৌকার ভেতরে ঘুমিয়ে ছিলেন ওই দুই শ্রমিক। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

নিখোঁজ শ্রমিকরা হলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬) এবং একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের বালুবাহী নৌকাটি ৬৫০ ফুট বালু নিয়ে সুরমা নদীতে নোঙর করা ছিল। নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে দুজন নৌকার ভেতরে ঘুমিয়ে ছিলেন। অন্য চারজন অবস্থান করছিলেন নৌকার ওপর বালুর কাছে।

রাত ২টার দিকে হঠাৎ নৌকার ভেতরে দ্রুত পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় নৌকার ভেতরে ঘুমিয়ে থাকা মোবাশ্বির ও মারুফ পানির নিচে তলিয়ে যান। অপর চার শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।

দুর্ঘটনার পর বুধবার ভোর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।

জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু বলেন, রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাঁদের এখনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article