
সিলেট, ২৯ আগস্ট: যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মত প্রকাশ করেছেন আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠু। নিয়মিত শরীরচর্চা ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণদের মেধা ও স্বাস্থ্যের সুষম বিকাশ ঘটে বলে তিনি মনে করেন।
বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু বলেছেন, স্থানীয় তরুণদের খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি করা এবং উদীয়মান খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে ৩নং ওয়ার্ডের ক্রীড়াপ্রেমী যুবকদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
শনিবার (২৯ আগস্ট) বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মাঠে সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘এসো নবীন খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি সকলকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় মনোনিবেশ করার আহ্বান জানান।
মুন্সীপাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারি ও ফেডারেশনের উপদেষ্টা মো. আমিন আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. হাসিবুর রহমান হাসিব, ৩নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সাগরদিঘীপাড়ের বিশিষ্ট মুরব্বি শাহ ফারুক মিয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী আশু কুমার কর।
মির্জা আরিফুর রহমান আরিফের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মখলিছ মিয়া, কে এ শিমুল, হাবিব মিয়া, সমসু মিয়া, রাজন মিয়া, ফেডারেশনের সদস্য মির্জা ইরফান, আহবাবুজ্জামান আকন্দ, তামজিদ আহমেদ রুহেল, ইব্রাহিম আহমদ সুজাল, মো. আরমান আহমদ, মো. আলী আহমদ, আশরাফ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও ওয়ার্ডের তরুণ সমাজের প্রতিনিধিরা।
টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মারজান খান একাদশ, রানার্সআপ হয় অনিক দাস একাদশ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
সিলেটের একটি স্থানীয় উদ্যোগ হিসেবে আয়োজিত এই টুর্নামেন্ট তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। অংশগ্রহণকারী ও দর্শকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজের সুস্থ বিনোদন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তি।






