সিলেট, ২২ আগস্ট: সিলেটের পরিবহন শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক মারা গেছেন। শনিবার সকাল পৌনে ৯টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি লিভার ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। সেলিম আহমদ ফলিকের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিংয়ে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।
তিনি জানান, সেলিম আহমদ ফলিকের জানাজার নামাজ শনিবার বাদ আসর গোলাপগঞ্জের রানাপিং মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
সেলিম আহমদ ফলিক সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত সভাপতি ছিলেন। তবে ২০২১ সালের নির্বাচনে তিনি বর্তমান সভাপতি ময়নুল ইসলামের কাছে পরাজিত হন।





