সিলেটের উইমেন্স মডেল কলেজের ছয় মেধাবী শিক্ষার্থী চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে চার বছর মেয়াদি মর্যাদাপূর্ণ বৃত্তি পেয়েছেন। হোস্টেল সুবিধাসহ সিলেটের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত কলেজটির ছয় শিক্ষার্থী এই বৃত্তির আওতায় উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।
গত ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। চার বছর মেয়াদি এই বৃত্তির আর্থিক মূল্য প্রায় ৭৫ লাখ টাকা, যা ৬০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ। বৃত্তির আওতায় প্রত্যেক শিক্ষার্থী প্রতি বছর ১৫ হাজার মার্কিন ডলার পাবেন। এতে তাদের চার বছরের উচ্চশিক্ষার সম্পূর্ণ ব্যয় বহনে সহায়তা হবে।
বৃত্তিপ্রাপ্ত উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থী হলেন নাফিসা সাব্বির চৌধুরী আনিকা, আয়শা সিদ্দিকা, সোহানা আক্তার, মুমতাহিনা তানহা, মেরিন জামান রুহি ও সুমাইয়া খান রুবাইয়া।
এ বছর অটড গধঃ ্ ঝপরবহপব ঝঁসসবৎ ঝপযড়ড়ষ প্রোগ্রামে ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে উইমেন্স মডেল কলেজের ১০ জন শিক্ষার্থী সেভরন বাংলাদেশের স্পন্সরশিপে অংশ নেন। সফলভাবে প্রোগ্রামটি সম্পন্ন করার পর তাঁদের সামনে আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার এই সুযোগ তৈরি হয়।
বিভিন্ন পরীক্ষা এবং মাসব্যাপী কার্যক্রমে শিক্ষার্থীদের পারফরম্যান্স বিবেচনায় এ বছর ওই প্রোগ্রামে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে সাতজনকে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে এই মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। তাঁদের মধ্যে ছয়জনই উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থী।
অন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবস্থিত জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি।
এই সাফল্যে উইমেন্স মডেল কলেজে উচ্ছ্বাস তৈরি হয়েছে। কলেজটির অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার ও ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর এক যৌথ বিবৃতিতে মহান রবের কাছে শুকরিয়া আদায় করেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তাঁরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, গত বছরও একই প্রোগ্রামের আওতায় উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থী তছলিমা ও বুশরা বৃত্তি পেয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান। এবার আরও ছয় শিক্ষার্থীর বৃত্তি অর্জন প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যকে নতুন মাত্রা দিয়েছে।






