মায়েদের ভূমিকা জোরদারে শাহজালাল জামেয়ায় মা সমাবেশ

মায়েদের ভূমিকা জোরদারে শাহজালাল জামেয়ায় মা সমাবেশ - Surma Times | Sylhet News
মায়েদের ভূমিকা জোরদারে শাহজালাল জামেয়ায় মা সমাবেশ - Surma Times | Sylhet News
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন প্রাইমারি শাখায় মা সমাবেশ, আলোচনা সভা ও মায়েদের সম্মাননা উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী

সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন প্রাইমারি শাখায় শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মানসিক বিকাশ ও শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা আরও সুদৃঢ় করার লক্ষ্যে মা সমাবেশ, আলোচনা সভা ও সম্মাননা উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, শৃঙ্খলা, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনে পরিবারের ভূমিকা নিয়ে মায়েদের সঙ্গে শিক্ষকমণ্ডলীর মতবিনিময় হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. তাহারাত ফাতেমা চৌধুরী। ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভীনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষিকা উমামা বেগম।

সন্তানের জীবনে মায়ের ভূমিকা এবং শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিক অগ্রগতি নিয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম এবং সহকারী শিক্ষিকা তামান্না-ই-ফেরদৌস চৌধুরী।

বক্তারা বলেন, একটি শিশুর নৈতিক, মানসিক ও শিক্ষার প্রাথমিক ভিত গড়ে ওঠে পারিবারিক পরিবেশে। তাই সন্তানদের পড়াশোনার পাশাপাশি সুন্দর আচরণ, মানবিক মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনের বিষয়েও মায়েদের সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শুধু বিদ্যালয়ের উদ্যোগই যথেষ্ট নয়। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ও গুরুত্বপূর্ণ। এ কারণে সন্তানদের শিক্ষাজীবনের অগ্রগতি ও আচরণগত পরিবর্তন সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের নিয়মিত মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা পর্বে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, শৃঙ্খলা, নৈতিকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মায়েদের সঙ্গে শিক্ষকমণ্ডলী খোলামেলা মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনা ও সামগ্রিক বিকাশে মায়েদের করণীয় নিয়ে বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে সন্তানদের শিক্ষাজীবন ও বেড়ে ওঠায় মায়েদের অবদানের স্বীকৃতি হিসেবে উপস্থিত মায়েদের হাতে বিশেষ সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article