সিলেট: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইইউবি) অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার বিকেল তিনটায় নগরীর শেখঘাট ক্যাম্পাসে এনইইউবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে।
এনইইউবি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের শিক্ষক সঞ্জয় বৈষ্ণবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী এবং এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. রনজিত কুমার দে বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি হয়। পড়াশোনার পাশাপাশি মন ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদেরও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, খেলাধুলায় হার-জিত থাকবেই, তবে মূল বিষয় হলো অংশগ্রহণ করা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাহমিল আহমেদ। স্পোর্টস ক্লাবের সাংগঠনিক সম্পাদক তামিম হোসেনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান।
প্রতিযোগিতায় মোট ১০টি ইভেন্টে অংশ নেন শিক্ষার্থীরা, যার মধ্যে ছিল ক্রিকেট, ফুটবল, দাবা, পেনাল্টি শুটআউট, ডার্টবোর্ড, ক্যারম, লুডু, উনো, ডমিনোজ, বল বাস্কেট এবং পিলো পাসিং। এসব ইভেন্টে সর্বমোট ৬০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পড়াশোনার বাইরে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানিয়েছে এনইইউবি স্পোর্টস ক্লাব।





