সিলেট, ১৮ আগস্ট: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণ থানার মুরাদপুর এলাকায় শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৭টি গাড়ির মালিককে ৫,০০০ টাকা করে মোট ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং পরিবেশ অধিদপ্তর, সিলেটের একটি যৌথ আভিযানিক দল সোমবার (১৭ আগস্ট) আনুমানিক সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই অভিযান পরিচালনা করে। ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ এর ৬(২) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক ৭ জন ব্যক্তিকে জরিমানা করা হয়।
র্যাব জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী মোটরযান ও নৌযানে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ন স্থাপন ও ব্যবহার না করার কথা থাকলেও কতিপয় মোটরযান মালিক তা মানছে না। এছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রতিবেশগত সংকটাপন্ন বলে ঘোষিত এলাকায় কোনো ক্ষতিকর কর্ম বা প্রক্রিয়া চালু না রাখার কথা থাকলেও কতিপয় ব্যক্তি তা মানছে না। উক্ত আইনগুলো লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।




