সিলেট, ১৮ আগস্টঃ সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ ও মন প্রফুল্ল থাকে। পাশাপাশি খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার ইতিবাচক মানসিকতা তৈরি করে।
তিনি বলেন, চিকিৎসকদের মতো ব্যস্ত ও দায়িত্বশীল পেশাজীবীদের জন্য খেলাধুলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কর্মব্যস্ততার পাশাপাশি এধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে। সুস্থ সমাজ গঠনে মেধা ও মননের চর্চার পাশাপাশি খেলাধুলার প্রসারও প্রয়োজন।
তিনি সোমবার রাতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি ও ৩৬ জুলাই স্মরণে ন্যাশনাল ডক্টরস ফোরাম সিলেট আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি সিলেট বিভাগ ও বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. আবুল হাশেম চৌধুরী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ও বিশিষ্ট অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. জাহিদ হোসাইন।
এনডিএফ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মুহিবুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিএফ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুর রউফ মুন্না, ওসমানী মেডিকেল কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তানভীর রহমান চৌধুরী, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল আহমেদসহ এনডিএফের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের ফাইনালে টীম জুলাই ওয়ারিয়র্স অব এনইএমসিকে ৫৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে টীম স্লাইডার্স রিটার্ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনাল ম্যাচে ৪৮ রানের অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ডা. নাজমুল হাসান মুন্না।
টুর্নামেন্টে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার সামগ্রী তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।





